আজ রাত ৮টায় শেষ একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। প্রথম ধাপে আবেদন করতে না পারা, পছন্দের কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত না হওয়া কিংবা নির্বাচিত হয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারছেন।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে মনোনীত হয়েও নিশ্চায়ন করতে ব্যর্থ হওয়া, ভর্তি সম্পন্ন করতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরাও এ ধাপে নতুন করে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সমন্বিত ওয়েবসাইটে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম পুনর্নির্ধারণ বা সংশোধন করতে পারবেন। তবে নতুন আবেদনকারীদের প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন ফি পরিশোধ করতে হবে।

পরবর্তী সময়সূচি
ফলাফল প্রকাশ: ১ অক্টোবর (রাত ৮টা)

নিশ্চায়নের সময়: ১ থেকে ৩ অক্টোবর (রাত ৮টা পর্যন্ত)

দ্বিতীয় মাইগ্রেশনের ফল: ৪ অক্টোবর (রাত ৮টা)

চূড়ান্ত ভর্তি কার্যক্রম: ৫ থেকে ৭ অক্টোবর

সমন্বয় কমিটি জানিয়েছে, ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ না করলে ওই প্রার্থীর আবেদন ও নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এছাড়া শিক্ষার্থীদের কোটার তথ্য যথাযথভাবে যাচাই করে নির্ভুল আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh