সব
স্বদেশ বিদেশ ডট কম

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্থিতিশীলতা নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। প্রয়োজন হলে সরকার যেকোনো কঠোর ও আইনসম্মত পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, কিছু দুষ্কৃতকারী দেশ থেকে পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে এবং সুযোগ পেলেই বাংলাদেশে প্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে সরকার দুর্বল হয়ে পড়ে। কিন্তু সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সরকার অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে।
যারা এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন, তাদের সতর্ক করে নুরুল ইসলাম মনি বলেন, গুপ্তবাহিনী ও বটবাহিনী ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। কেউ যদি সরকারের দেওয়া সুযোগের অপব্যবহার করে, তবে তাকে আইনের আওতায় এনে যথাযথ জবাব দেওয়া হবে।
ধর্মের লেবাস ধরে কিছু মানুষ তুচ্ছ বিষয়কে বড় করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন চিফ হুইপ। তিনি বলেন, বিগত স্বৈরাচারের সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল। তবে বর্তমান সরকার সংবিধান সংশোধনের কাজ করছে। আগামী সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কারের মাধ্যমে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ পুনঃস্থাপন করা হবে।
তিনি আরও জানান, জাতীয় সংসদে আগে যেখানে শেখ মুজিবের ছবি ছিল, সেখানে প্রধানমন্ত্রী ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করেছেন, যা সরকারের মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিফলন।
দেশের ইসলামপ্রিয় মানুষ বিএনপির সঙ্গেই আছে উল্লেখ করে নুরুল ইসলাম মনি সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ একটি সুজলা-সুফলা, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। মানুষের অভাব-অভিযোগ দূর করে দেশকে স্বাবলম্বী করতে এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।