সব
লন্ডন প্রতিনিধি,
প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় আরও বৃহৎ পরিসরে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’।
আগামী ২২ নভেম্বর, রোববার, লন্ডনের জনপ্রিয় ইভেন্ট ভেন্যু মে-ফেয়ারে দুপুর ১২টা থেকে শুরু হবে এ আয়োজন। উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, নতুন যোগাযোগ তৈরি এবং সফল ব্যবসায়ীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার, পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের উদ্বোধনী প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা প্রথম আসরের প্রশংসা করে বলেন, এ এক্সপো কমিউনিটির ছোট-বড় ব্যবসায়ীদের একই ছাদের নিচে এনে তাঁদের ব্যবসা ও বাণিজ্যিক উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি তরুণ ও নিজ নিজ ক্ষেত্রে সফল উদ্যোক্তাদের সম্মাননা দেওয়ার উদ্যোগকেও তাঁরা স্বাগত জানান।
অনুষ্ঠানে অতিথিরা ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস এবং ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের (বিবেক) প্রতিষ্ঠাতা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিবেকের প্রতিষ্ঠাতা আকরাম হোসাইন। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের প্ল্যাটফর্ম তৈরি এবং তাঁদের ব্যবসাকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এ এক্সপোর মূল উদ্দেশ্য।
তিনি জানান, এবারের আয়োজনে উদীয়মান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য থাকবে বিশেষ স্টল প্রদর্শনী, বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) নেটওয়ার্কিং এবং ব্র্যান্ড উপস্থাপনের সুযোগ। পাশাপাশি ব্যবসার মান ও অবদান বিবেচনায় ২০টি পৃথক বিভাগে সেরা উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হবে। আগ্রহীরা আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইট britishbusinessentrepreneurclub.org.uk-এ গিয়ে নিজেদের বা পছন্দের প্রতিষ্ঠানের জন্য মনোনয়ন জমা দিতে এবং স্টল বুকিং করতে পারবেন।
এবারের এক্সপো ও অ্যাওয়ার্ডসের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বিবেক। পাওয়ারড বাই স্পন্সর হিসেবে রয়েছে নেলসন কলেজ লন্ডন (এনসিএল), কৌশলগত অংশীদার ইউকে বাংলা মার্কেটপ্লেস (ইউবিএম), মার্কেটিং পার্টনার কারীওয়ালা মিডিয়া এবং অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নেলসন কলেজ লন্ডনের পরিচালক নাজিম উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট ক্লাউডের প্রধান নির্বাহী ব্যারিস্টার লুৎফর রহমান, এভারার্ড কনস্ট্রাকশনের আমিরুল চৌধুরী, বিবিসিসিআইয়ের সভাপতি মুহিব চৌধুরী, বিবিসিএর সভাপতি ড. শাহানুর খান, ব্যবসায়ী মুকিম আহমেদ, কারী লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইউকে বিসিসিআই লন্ডন অঞ্চলের সভাপতি কামরু আলী, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও কার প্লানেটের স্বত্বাধিকারী তফাজ্জল মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অধ্যক্ষ আশিদ আলী, ইউরো এশিয়া ক্যাশ অ্যান্ড ক্যারির পরিচালক আবুল লেইছ, ব্যবসায়ী আতিক চৌধুরী, প্রাইড অব এশিয়া ও মে-ফেয়ার ভেন্যুর স্বত্বাধিকারী ওয়াজিদ হাসান সেলিম বিইএম, আরিয়ানা ব্যাংকুয়েটিংয়ের তোফায়েল আহমেদ, নিকাহ স্টুডিও অ্যান্ড ইভেন্টের শাহেদ চৌধুরী, জেএমজি কার্গোর পরিচালক মনির আহমেদ, হিল সাইড ট্রাভেল এজেন্সির পরিচালক হেলাল খান, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির চেয়ারম্যান রফিক হায়দার, রূপসী রাইসের পরিচালক শুকুর খালিসদার, ব্যবসায়ী করিম মিয়া শামীম এবং বাংলা কার্পেট অ্যান্ড ফার্নিচারের জুবায়ের কিবরিয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রথম ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম আসরে পাঁচ হাজারের বেশি মানুষের সমাগম হয়েছিল। সেখানে বিভিন্ন পণ্যের ৫০টি স্টল, পণ্য উদ্বোধন এবং বিভিন্ন বিভাগে ব্যবসায়িক সম্মাননা প্রদানের আয়োজন ছিল।
প্রথম আসরের পুরস্কার বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সাকসেসফুল বিজনেস অব দ্য ইয়ার’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির চেয়ারম্যান রফিক হায়দার, ‘কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী গ্রিন মেন্টাল কেয়ার হোমের প্রধান নির্বাহী রোকেয়া হোসেন এবং ইকো ইনোভেশনের পরিচালক শরিফ ইসলাম। তাঁরা অনুষ্ঠানে বক্তব্যও দেন।
অনুষ্ঠানে ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডসের অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজের পুরো দলকে পরিচয় করিয়ে দেন আকরাম হোসাইন। এ সময় প্রতিষ্ঠানটির দুই পরিচালক আব্দুস সামাদ ও সিদ্দিকুর রহমান জয়নাল আগামী ২২ নভেম্বরের আয়োজনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক দলের সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।