আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই দেশের পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির দুয়ার খুলল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এই আদেশ অনুযায়ী, সরাসরি তালিকাভুক্ত হতে পারবে—

সম্পূর্ণ সরকারি মালিকানাধীন বা সরকারের অন্তত ৫১ শতাংশ মালিকানাধীন কোম্পানি;

যে কোম্পানিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা রয়েছে এবং কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানায় রয়েছে;

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন বা বিদেশিদের অন্তত ৫১ শতাংশ মালিকানাধীন কোম্পানি;

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি;

বছরে অন্তত ১ হাজার কোটি টাকা টার্নওভার রয়েছে—এমন কোম্পানি;

কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি বা ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি; এবং

কমিশন ঘোষিত যোগ্য কোম্পানি।

২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তির পদ্ধতি চালুর পর থেকে শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান।

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো হলো—ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস। বেসরকারি কোম্পানিগুলো হলো—শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মুলেশনস, নাভানা সিএনজি, ওশান কনটেইনার্স ও খুলনা পাওয়ার কোম্পানি।

এর আগে ২০০৩ সালে বিশেষ বিবেচনায় বহুজাতিক কোম্পানি লাফার্জ সিমেন্টকে সরাসরি তালিকাভুক্ত করা হয়েছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh