সব
লন্ডন প্রতিনিধি,
হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন, ৩০ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন

যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা আব্দুল মতিন (রহ.)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। মরহুমের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
মাওলানা আব্দুল মতিন (রহ.) আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক সভাপতি এবং ব্রাডফোর্ডের বায়তুল আমান জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব ছিলেন। তিনি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর একান্ত শাগরিদ হিসেবে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর নিষ্ঠা ও সুনামের সঙ্গে বায়তুল আমান জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন তিনি।
মরহুমের জানাজায় আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের অধ্যক্ষ মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত আলেম-উলামা, ইমাম-খতিব এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ ছাড়া গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়াসহ নর্থ রিজিওনের নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লি ও মরহুমের অসংখ্য ভক্ত-অনুরাগী জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফিজ মাওলানা আব্দুল লতিফ। পরে মরহুমের রুহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
মরহুম মাওলানা আব্দুল মতিন তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক যৌথ শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চিফ কো-অর্ডিনেটর আলহাজ মসুদ আহমদ, সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান, কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়া, কোষাধ্যক্ষ হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুল মতিন (রহ.)-এর মৃত্যুতে ধর্মীয় ও সাংগঠনিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি দীর্ঘদিন মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলামের সঠিক আকিদা মানুষের সামনে তুলে ধরতে তিনি নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে গেছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুন শোকবার্তায় মরহুমের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর দীর্ঘদিনের ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড মানুষের কাছে তাঁকে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করেছে।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।