সালমান খানের নিরাপত্তা জোরদার, টাইগার শ্রফকে গুলি নিয়ে তদন্ত

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

রবিবার মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটে। মাত্র ৭ সেকেন্ডে হামলাকারীরা ৫ রাউন্ড গুলি ছোড়ে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজস্থান পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। ধৃতদের একজন মহারাষ্ট্রের এবং অন্য দুজন হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

তদন্তকারীরা মনে করছেন, হামলাকারীরা আগে থেকেই পরিকল্পনা করে থাকতে পারে। গুলি চালানোর আগে টাইগার শ্রফের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তারা।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস বার্তা ও পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, ভয়েস বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর পক্ষ থেকে টাইগারকে হুমকি দেওয়া হয়েছিল। সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে।

অনমোল বিষ্ণোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া পোস্টে হামলার দায় স্বীকারের দাবি করা হয়েছে। সেখানে লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দেওয়া অনিল পণ্ডিত ও হরমন সন্ধুর নাম উল্লেখ করা হয়েছে। পোস্টে আরও দাবি করা হয়, আগেও টাইগারকে সতর্ক করা হয়েছিল। তবে পোস্টটির সত্যতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত যোগসূত্র এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

সালমান খানের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হওয়ার পেছনে রয়েছে ২০২৪ সালের ১৪ এপ্রিলের ঘটনাও। সেদিন ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

টাইগার শ্রফের ওপর হামলার তদন্তের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকি ও দায় স্বীকারের দাবির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh