৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

সম্প্রতি ইউরো নেসনস লিগ চলাকালে কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআরসেভেনকে ৩০ দিনের নিষেধাজ্ঞার পাশাপাশি ও ২৫৫ ইউরো জরিমানা (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা) করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল এ তথ্য জানায়।

ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে— রোনালদো ইচ্ছাকৃতভাবে ফেডারেশনের শৃঙ্খলাবিধি ভেঙেছেন। যদিও ফেডারেশনের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, এই নিষেধাজ্ঞা কোন কোন ম্যাচ বা কার্যক্রমের ওপর প্রযোজ্য হবে। এমনকি অস্থায়ী নিষেধাজ্ঞার অধীনে এরইমধ্যে পার করা সময়টুকু এই ৩০ দিনের শাস্তির হিসাব থেকে বাদ যাবে কি না, এমন কিছুও বিস্তারিত জানায়নি।

চলতি মাসের শুরুর দিকে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকেন রোনালদো। পরে পর্তুগালের কোচ জর্জ জেসুস তার ভূমিকা নিয়ে দুবার কথা দিয়েও তা রাখেননি— এমন অভিযোগ তুলে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগেই তিনি কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান।

অবশ্য ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে পরে দুঃখ প্রকাশ করেন রোনালদ। নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের সঙ্গে না থেকে চলে যাওয়ার জন্য ক্ষমা চান তিনি। একই সঙ্গে জানান, এ ঘটনায় যে শাস্তিই আসুক, তা মেনে নিয়ে আবারও জাতীয় দলে ফিরতে প্রস্তুত তিনি।

এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান।

আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে পর্তুগাল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh