সব
স্বদেশ বিদেশ ডট কম

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ৪১ বছর বয়সি আলম শেখ নামের ওই ব্যক্তিকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেছে তার পরিবার।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে হাসপাতালে ওই হত্যাকাণ্ড ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার বলেছে, তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ছিলেন।
আলম হত্যার ঘটনায় একজনকে আটকের তথ্য দিয়ে পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ঘটনার যে হোতা, তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে মামলা হবে। তবে আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ঘটনার বিষয়ে পুলিশ বলছে, রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন।
শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো ‘সদুত্তর দিতে পারেননি’ তখন একদলব্যক্তি আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
নিহত আলম শেখ ঢাকার রূপনগরের এলাকার বাসিন্দা। তার লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।