বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসোকে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ

বাংলাদেশে বর্তমানে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিপুল তরুণ জনগোষ্ঠীর কারণে বিনিয়োগের অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানান।

বৈঠকে উভয় নেতা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যক্তিগত স্মৃতির কথা স্মরণ করেন। ২০০৬ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে নিজের সাক্ষাতের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর অতীতের সাক্ষাতের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসোর গঠনমূলক ভূমিকা দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করেছে।

প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাঁর সরকার আইনি কাঠামোর সংস্কারসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের মাধ্যমে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর ত্বরান্বিত করার বিষয়ে তারো আসোর সহযোগিতা প্রত্যাশা করেন। পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা কামনা করেন।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা এবং মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা অংশ নেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh