সব
মিছবাহ মাছুম, লন্ডন,
যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘GCSE & A-Level Excellence Award-2026’। গত ১ নভেম্বর ২০২৬, রবিবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অডিটোরিয়ামে যুক্তরাজ্যের মূলধারার শিক্ষাব্যবস্থায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম শিক্ষা ক্ষেত্রে যেভাবে ধারাবাহিক সাফল্য অর্জন করছে, তা পুরো কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীদের মেধা ও অর্জনের যথাযথ মূল্যায়ন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও বড় সাফল্য অর্জনের পাশাপাশি যুক্তরাজ্যের মূলধারায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ২০২৬ সালের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা বিশেষ সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহারসামগ্রী তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা ট্রাস্টের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি প্রবাসে গোলাপগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পরে উপস্থিত সবার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।