ট্রেন দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ণ

গত সপ্তাহের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার জেরে পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। দেশটিতে চলতি বছরের দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ছিল এটি।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভুক্তভোগীদের জন্য সরকারের জরুরি সহায়তা প্যাকেজ এবং নতুন নিরাপত্তা পদক্ষেপ তুলে ধরার কয়েক ঘণ্টা পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সংসদ নির্বাচনের ডাক দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চার সপ্তাহেরও কম সময় আগে পদত্যাগ করলেন পুয়েন্তে। চলতি বছরে একই রেললাইনে দুটি প্রাণঘাতী দুর্ঘটনার দায়ভার আর বহন করতে পারলেন না তিনি।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর কার্যকর থাকা স্থায়ী কমিটি ‘পার্মানেন্ট ডেপুটেশন’-এর আইনপ্রণেতাদের তিনি বলেন, “এক বছরেরও কম সময়ের মধ্যে এ ধরনের ভয়াবহ দুটি দুর্ঘটনা ঘটার পর স্পেনের মতো একটি দেশ কোনো পরিবহনমন্ত্রীর পক্ষে স্বপদে বহাল থাকা সম্ভব নয়।”

২৮ অক্টোবর স্পেনের উর্দা অঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৬৯ জন নিহত হন। এর এক সপ্তাহের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

এক্সে এক পোস্টে পুয়েন্তের প্রশংসা করেছেন সানচেজ। পরিবহনমন্ত্রীর কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে সানচেজ বলেছেন, “মন্ত্রী ভুক্তভোগীদের অগ্রাধিকার দিয়েছেন এবং রাজনৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করছেন।”

পুয়েন্তে এর আগে তাঁর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। কিন্তু এখন তিনি বলছেন, দুর্ঘটনার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর দাবি, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকাজ শুরু, তদন্ত প্রক্রিয়া আরম্ভ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং রেল নিরাপত্তা উন্নত করার প্রাথমিক পদক্ষেপগুলো গ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

জানুয়ারিতে একই লাইনে, একই কোম্পানির অধীনে পরিচালিত আরেকটি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন প্রাণ হারান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh