লন্ডনে ২৯ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ

প্রবেশ বিনামূল্যে, থাকবে ২৫টির বেশি স্টল
চাকরির সুযোগ ও কনসার্ট

ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের (বিবিসিএ) উদ্যোগে আগামী ২৯ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২০২৬। নির্মাণ, প্রপার্টি ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন তুলে ধরা এবং ব্যবসা, কর্মসংস্থান ও কমিউনিটির মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। সবার জন্য প্রবেশ উন্মুক্ত ও বিনামূল্যে।

উৎসব উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে বিবিসিএ। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক সাদিকুল আলম, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ চৌধুরী, জনসংযোগ ও ব্যবসায়িক সহযোগিতাবিষয়ক সম্পাদক চৌধুরী মো. নাঈমুল ইসলাম, বিল্ড ফেস্টিভ্যাল কমিটির সভাপতি সালেহ আহমেদ ও সম্পাদক সুমন আহমেদ। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য দুল্লাহ রহিম ভূইয়া, এন্ড্রু মধু ও লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকদের জানানো হয়, ২৯ নভেম্বর রবিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে উৎসবটি চলবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে কনসার্ট পর্ব। অনুষ্ঠানস্থলের ঠিকানা 501 High Street North, Manor Park, London E12 6TH।

বিবিসিএর লক্ষ্য, ব্যবসায়ী, ঠিকাদার, ডেভেলপার, বিনিয়োগকারী, নির্মাণ ও প্রপার্টি খাতের পেশাজীবী এবং শিক্ষার্থীদের এক ছাদের নিচে নিয়ে আসা। উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের পণ্য ও সেবা তুলে ধরা, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন।

উৎসবে ২৫টির বেশি স্টলে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শিত হবে। পাশাপাশি ব্যবসা, প্রপার্টি, নির্মাণ ও কমিউনিটির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা হবে। উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে থাকবে নেটওয়ার্কিংয়ের সুযোগ।

তরুণদের পেশাগত উন্নয়নে আয়োজন করা হয়েছে স্টুডেন্ট জব সেশন ও সিভি বক্স। শিক্ষার্থী, সদ্য স্নাতক ও চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে পরিচিত হতে পারবেন। চাকরিপ্রার্থীরা প্রিন্ট করা সিভি সঙ্গে এনে নির্ধারিত সিভি বক্সে জমা দিতে পারবেন।

ব্যবসা ও ক্যারিয়ারসংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, সাংস্কৃতিক পরিবেশনা ও খাবারের ব্যবস্থা। পরিবার ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটির অর্জন ও সংস্কৃতি উদ্‌যাপনের সুযোগও থাকবে।

বিবিসিএর পক্ষ থেকে ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থীসহ কমিউনিটির সর্বস্তরের মানুষকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

বিনামূল্যে নিবন্ধন করা যাবে: <Link url=”https://www.bbcauk.org/build-festival/visitor-registration” title=”www.bbcauk.org/build-festival/visitor-registration” />।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh