সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ

ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কারখানায় প্রবেশ করেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় অন্তত ৫০ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রাখা হয়েছে ১১টি কারখানা এবং দুটি কারখানায় আগেই সাধারণ ছুটি ছিল। তবে সাভারের অল্প সংখ্যক কারখানা ছুটি হলেও অধিকাংশ কারখানাই উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রেখেছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালের দিকে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবেই প্রবেশ করেন এবং উৎপাদন শুরু হয়। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাদের অজান্তেই কাজের নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টায় এগিয়ে আনে। এর প্রতিবাদে তারা কারখানায় বায়োমেট্রিক পাঞ্চ করে প্রবেশ করলেও কাজ বন্ধ রাখেন। অসন্তোষের মুখে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে ও আগামী রোববার থেকে ফের সকাল ৮টায় কাজ শুরুর আশ্বাস দেয়। এরপর আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের অসন্তোষ দেখা দিলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি সচল পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, কাঠগড়া এলাকায় কিছু বিশৃঙ্খলাকারী সচল কারখানার সামনে গিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। কয়েকটি কারখানায় উত্তেজনা দেখা দিলেও এবং অর্ধশতাধিক কারখানা বন্ধ হয়ে গেলেও সামগ্রিকভাবে এলাকার সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। অনেক কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন কাজ পরিচালিত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh