মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে ৭ দিন জিম্মি, উদ্ধার ২৮

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ


কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সংলগ্ন সাগরে ট্রলার থেকে এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তুলে নেওয়া হয়েছিল। পরে সাত দিন ধরে সাগরের মাঝখানে আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা।

এ সময় খাবার না দিয়ে নির্যাতন ও মারধর, এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার রাত ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের কাছে ট্রলারটি আটকে গেলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

সে সময় লাবণী পয়েন্টে থাকা রহিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে ট্রলারটি হঠাৎ সৈকতের দিকে এগিয়ে এসে লাবণী পয়েন্টের কাছে আটকে যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রলারে থাকা কয়েকজন লাফিয়ে নেমে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে স্থানীয়রা এক নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে ট্রলারে তোলা হয়েছিল। তবে কয়েকজনকে টেকনাফ এলাকা থেকে অস্ত্রের মুখে জোর করে ট্রলারে তুলে নেওয়া হয় বলেও দাবি করেছেন তারা।

চকরিয়ার বাসিন্দা রাজমিস্ত্রি আক্তার বলেন, ‘‘তাকে ড্রেন নির্মাণের কাজ দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়েছিল। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে তুলে সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়।’’

আক্তার বলেন, “একজন ফোন দিয়ে বলতেছে, ভাই আমার ড্রেইনের কাজ করতে হবে। এরপর আমাদের জিম্মি করে ফেলে। অস্ত্রের মুখে বোটে তুলে দেয়। বোটটা সাগরের মাঝখানে ঘুরতে থাকে। এরপর আমাদের থেকে টাকা খুঁজতে থাকে। আমাদের মোবাইল, আইডি কার্ড নিয়ে নেয়।”

মুক্তিপণের টাকা দিতে না পারার কথা জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

আক্তার বলেন, “কোথা থেকে টাকা দেব বলাতে আমাকে হাতে কোপ দেয়। কোপ দেওয়ার পর বোটের ভেতর হইচই পড়ে যায়। ওদের কাছে অস্ত্র, ছুরি আছে। আমাদের ৬-৭ জন লোকজনকে লাথি মেরে বোট থেকে ফেলে দেয় মাঝ সাগরে।”

টেকনাফের বাসিন্দা ইলিয়াস নামে এক ভুক্তভোগী বলেন, তার ভাই হাসপাতালে ভর্তি থাকায় তিনি সেখানে যাচ্ছিলেন। এ সময় শহরের লিংক রোড এলাকা থেকে তাকে তুলে নিয়ে ট্রলারে নেওয়া হয়।

তিনি বলেন, “সাত দিন হয়েছে বোটে করে নিয়ে সাগরে নামিয়েছে। কিন্তু বোটে খাবার দেয় না, মারধর শুরু করে। দালালরা নিজেদের মধ্যে মারামারি করে। এরপর কেউ কেউ সাগরে ঝাঁপ দেয়, কেউ স্পিডবোট নিয়ে চলে যায়।”

আরেক ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, ট্রলারে প্রায় ৭০ জনের মতো মানুষ ছিলেন। তাদের মাছ রাখার কোল্ড স্টোরেজের ভেতরে আটকে রাখা হতো।

তার ভাষায়, “বিমান নামতে দেখে বুঝতে পারি কিনারা কাছে। তখন আমরা বোট চালিয়ে কূলে চলে আসি।”

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মানবপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh