পাগলা মসজিদে ৫১ বস্তা টাকা ও এক বস্তা চিঠি, সঙ্গে মিলল সোনার চামচ-বাটি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা ও প্রায় এক বস্তা চিঠি পাওয়া গেছে। এসবের পাশাপাশি পাওয়া গেছে একটি সোনার চামচ ও একটি সোনার বাটি।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবার গয়না মিললেও দানবাক্সে সোনার চামচ ও বাটি পাওয়ার ঘটনা এবারই প্রথম।

চার মাস ২৪ দিন পর আজ শনিবার সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় টাকা গণনার কাজ। দিনশেষে মোট টাকার পরিমাণ জানা যাবে।

দানবাক্সে পাওয়া চিঠিগুলোতে নিজেদের মনোবাসনার কথা জানিয়েছে মানুষ। ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় এক ব্যক্তি দালালের বিচার চেয়ে লিখেছেন, ‘প্রতারকদের উপযুক্ত বিচার ও হেদায়েত হোক। আমার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়।’

ভালোবাসার মানুষের মন পাওয়ার আকুতি জানিয়েও চিঠি পাওয়া গেছে। এক ব্যক্তি লিখেছেন, এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না!’ এ ছাড়া নিজের ও সন্তানের রোগমুক্তি, প্রিয়জনকে কাছে পাওয়া, সুস্বাস্থ্য কামনার কথাও লিখেছেন লোকজন।

তবে এসব চিঠিতে বিব্রত মসজিদ কর্তৃপক্ষ। দানবাক্সে অহেতুক চিঠি না ফেলার অনুরোধ জানিয়েছেন তারা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মানুষের দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার দুটি বাক্স বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। কিন্তু চিঠিপত্র ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়। তিনি আরও বলেন, ‘চিঠি না দিতে আমরা প্রতিবারই অনুরোধ করে আসছি। অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়।’

এর আগে চলতি বছরের ২৭ জুন মসজিদের দানবাক্সগুলোতে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকা ও গয়না ছাড়াও ভক্তরা এই মসজিদে গরু, ছাগল ও হাঁস-মুরগিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh