আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) ৯টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২১টি তৈরি পোশাক কারখানা।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার সকালে শ্রমিকেরা কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালিকপক্ষ ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। এসব কারখানার মধ্যে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

এসপি মোমিনুল ইসলাম আরও জানান, এছাড়া আরও তিনটি কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে চলা অস্থিরতার জেরে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh