সব
স্বদেশ বিদেশ ডট কম
ইসলামী শিক্ষা, কোরআন তিলাওয়াত, পাগড়ি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের
পুরস্কার বিতরণে মুখরিত সম্মেলন
বিশ্বশান্তি, মানবতার কল্যাণ, ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসারে গেটওয়েক ইসলামিক সেন্টারের উদ্যোগে গেটওয়েক মসজিদে এক বিশাল বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে বিপুলসংখ্যক মুসল্লি, নারী-পুরুষ, তরুণ-তরুণী ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। ধর্মীয় আলোচনা, কোরআন শিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গেটওয়েক ইসলামিক সেন্টারের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক আবুল কালাম আজাদ ছোটন। সম্মেলনের সার্বিক পরিচালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মঈনুল ইসলাম মামুন ও কোষাধ্যক্ষ মুহিব মিয়া।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ড. ওসামা ইউসুফ আল হাজার, মালয়েশিয়া থেকে আগত কারি মোহাম্মদ জাইম আকমল বিন আব্দুল নাজিব এবং সেন্ট্রাল বন্ডস মসজিদের ইমাম ও সিনিয়র পরিচালক মাওলানা সুলতান আহমেদ।
কোরআন শিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পাগড়ি প্রদান
সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল দারুল কেরাত লতিফিয়া থেকে কোরআন শিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি, সম্মেলনের সভাপতি, সেক্রেটারি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তাদের ধর্মীয় শিক্ষার অর্জনকে সম্মানিত করেন।
পাগড়ি লাভ করেন মাসুম ইসলাম, রায়হান আলী, ওমাইর শাহাব, যুবাইর রাফি আহমদ, আম্ফান সায়মুন, হোসাইন বেগ, নায়িব ইসলাম ও তাহমিনা উদ্দিন।
এই আয়োজন কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের অধ্যবসায়, নিষ্ঠা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় আরও উৎসাহিত করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
কৃতী শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ
শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সম্মেলনে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের মেধা, অধ্যবসায় ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
ইসলামের আলোকে সমসাময়িক সমাজ নিয়ে আলোচনা
সম্মেলনে অতিথি বক্তারা বাংলা ও ইংরেজি ভাষায় ইসলামের দৃষ্টিকোণ থেকে বর্তমান সামাজিক পরিস্থিতি, নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, তরুণ প্রজন্মের দায়িত্ব, ধর্মীয় শিক্ষা ও মানবিক সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা, মানবিকতা ও নৈতিক আদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
২০০০ সাল থেকে ধর্মীয় সেবা দিয়ে যাচ্ছে গেটওয়েক মসজিদ
সম্মেলনের সমাপনী বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ ছোটন বলেন, এ এলাকায় বাংলাদেশি কমিউনিটির সংখ্যা অত্যন্ত সীমিত হলেও মহান আল্লাহর রহমত ও সবার সহযোগিতায় ২০০০ সাল থেকে গেটওয়েক মসজিদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তিনি বলেন, বিশেষ করে গেটওয়েক বিমানবন্দরে কর্মরত অনেক মুসল্লি শুক্রবার জুমার নামাজসহ নিয়মিত নামাজ আদায়ের সুযোগ পান এ মসজিদে। ফলে স্থানীয় মুসলিমদের পাশাপাশি বিমানবন্দরে কর্মরত মুসল্লিদের জন্যও মসজিদটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে।
মসজিদ ও ইসলামিক সেন্টারের কার্যক্রমকে আরও সুন্দর ও গতিশীল করতে তিনি সকল মুসলিম ভাই-বোন, শুভাকাঙ্ক্ষী ও সামর্থ্যবান ব্যক্তিদের সার্বিক সহযোগিতা এবং পাশে থাকার আহ্বান জানান।
দুপুরের খাবারের ব্যবস্থাসহ দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের সমাপ্তি ঘটে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, মানবতার কল্যাণ ও সবার সুখ-সমৃদ্ধি কামনায় দোয়ার মধ্য দিয়ে।