জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন

বিবিসি,

  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ

তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের জের ধরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন করে বড় ধরনের একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশগুলো।

শুক্রবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতায় পৌঁছানোর চেষ্টায় তা রোববার পর্যন্ত গড়ায়। এর মধ্য দিয়ে ইতিহাসের দীর্ঘতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয় এবারের ‘কপ৩১’।

তবে শেষ পর্যন্ত যে চুক্তি হয়েছে, তা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো এবং অন্যান্য দেশের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা চুক্তিতে সরাসরি উল্লেখ করা হয়নি।

অন্যদিকে অনেক দরিদ্র দেশ আপত্তি জানিয়েছে যে, ক্রমবর্ধমান তাপমাত্রার প্রভাব মোকাবিলায় তাদের সহায়তার জন্য ধনী দেশগুলোর পক্ষ থেকে এতে কোনো সুনির্দিষ্ট আর্থিক প্রতিশ্রুতি নেই।

সবশেষ ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনেও এবারের মতো মূল রাজনৈতিক সমঝোতা এভাবে ভেস্তে গিয়েছিল।

মহাসচিব হিসেবে নিজের শেষ কপ সম্মেলন নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন যে, তিনি ‘গভীরভাবে হতাশ’।

তিনি ‘প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর’ সমালোচনা করে বলেন, তারা ‘বিগ টোব্যাকোর কৌশল অনুসরণ করছে: বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিগত সিদ্ধান্ত বিলম্বিত করছে, পদক্ষেপ আটকে দিচ্ছে এবং বিপুল মুনাফা পকেটে ভরছে এবং সারা বিশ্বের মানুষ এর মূল্য দিচ্ছে’।

সম্মেলনের যৌথ আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ব্যর্থতার জন্য ‘কঠিন ভূরাজনৈতিক সময়কে’ দায়ী করেছেন।

দুই সপ্তাহের আলোচনা শেষে অচলাবস্থা কাটানোর চেষ্টায় রোববার ভোরে ক্লান্ত প্রতিনিধিদের সামনে চুক্তির একটি নতুন খসড়া উপস্থাপন করা হয়েছিল।

কিন্তু ওই নথিতে কোথাও ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দ দুটি ছিল না। কয়লা, তেল ও গ্যাসের বিষয়ে একমাত্র পরোক্ষ উল্লেখ ছিল ২০২৩ সালে কপ২৮-এ হওয়া চুক্তির প্রতি ইঙ্গিত, যেখানে দেশগুলো জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ‘ধীরে ধীরে সরে আসতে’ সম্মত হয়েছিল।

ইইউর প্রতিনিধি ও আয়ারল্যান্ডের মন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন স্পষ্ট করে বলেন, ইইউ এই চুক্তির ‘জোরালো বিরোধিতা’ করছে। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে মাত্রার উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন, সিদ্ধান্তগুলো তার ধারেকাছেও যায় না”।

তিনি বলেন, “জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই, এমন একটি জলবায়ু চুক্তি মেনে নেওয়া বিবেকবর্জিত”।

পানামা ও মার্শাল দ্বীপপুঞ্জের মতো অন্যান্য দেশও জলবায়ু পরিবর্তনের গতি মোকাবিলায় চুক্তিটি যথেষ্ট নয় বলে সমালোচনা করেছে।

সোমবার চুক্তির প্রথম খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দটি ছয়বার উল্লেখ করা হয়েছিল। তবে তেল উৎপাদনকারী দেশগুলোর কাছে তা গ্রহণযোগ্য ছিল না।

সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব বলেন, আরব দেশগুলো ‘সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ অব্যাহত রেখেছে’।

রাশিয়া কয়লা, তেল ও গ্যাস নিয়ে ‘স্লোগানের আশ্রয় না নিতে’ সতর্ক করেছে। দেশটি দাবি করেছে, জীবাশ্ম জ্বালানি থেকে খুব দ্রুত সরে এলে তা ‘জ্বালানি দারিদ্র্যতা’ তৈরি করবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থায়নও ছিল আলোচনার আরেকটি বড় অমীমাংসিত বিষয়। এর মধ্যে রয়েছে আরও তীব্র তাপপ্রবাহ ও ভয়াবহ খরা।

গত বছর ব্রাজিলে কপ৩০ সম্মেলনে দেশগুলো এ উদ্দেশ্যে অর্থায়ন তিন গুণ করার বিষয়ে সম্মত হয়েছিল।

কিন্তু এবারের চুক্তিতে কোনো সুনির্দিষ্ট অর্থের অঙ্ক কিংবা ওই প্রতিশ্রুতি পরিমাপের ভিত্তি উল্লেখ করা হয়নি। এতে আশঙ্কা তৈরি হয়েছে, ধনী দেশগুলো তাদের দেওয়া প্রতিশ্রুতি এড়িয়ে যাওয়ার সুযোগ পাবে।

আফ্রিকাভিত্তিক জলবায়ু ও জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার মোহাম্মদ আদো বলেন, ‘ধনী দেশ ও দূষণকারী সরকারগুলো আর খালি হাতে সম্মেলনে আসতে পারে না।’

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়াকে ‘ভীষণ হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াটা ফাহুল্লে। তিনি বলেছেন যে, ” যুক্তরাজ্যের প্রতিশ্রুতি অটল”।

‘ওভারশুটের’ যুগে জলবায়ু আলোচনা

তুরস্কের আনতালিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। কিছু পর্যবেক্ষকের মতে, আলোচনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তা ও কপ৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, আলোচনায় এমন কিছু ‘অসম্ভব সীমারেখা’ ছিল, যেগুলো নিয়ে সমঝোতা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমাদের জীবদ্দশায় সবচেয়ে জটিল ও উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির’ মধ্যে এই আলোচনা হয়েছে। একই সময়ে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও খারাপ হচ্ছে’, যা আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

২০২৬ সাল রেকর্ডে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে শেষ হতে পারে। এ বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে। এর মধ্যে রয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন তাপপ্রবাহ ও খরা এবং নেপালে আকস্মিক বন্যা।

কপ৩১ ছিল প্রথম বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলন, যেখানে জলবায়ু পরিবর্তন সীমিত করার অন্যতম প্রধান আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় উঠে আসে।

২০১৫ সালে প্যারিস সম্মেলনে প্রায় ২০০টি দেশ ১৮০০ শতকের শেষভাগের শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণায়ন দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা করতে সম্মত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ কিছু প্রভাব এড়ানো।

জাতিসংঘের মতে, প্যারিস চুক্তি ‘প্রায় সর্বজনীন’ জলবায়ু পদক্ষেপ গ্রহণে ভূমিকা রেখেছে। ২০১০-এর দশকের শুরুর দিকে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণায়ন ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিল।

জাতিসংঘ বলছে, বর্তমান সরকারি নীতির ভিত্তিতে ২১০০ সাল নাগাদ বিশ্ব উষ্ণায়ন প্রায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে পারে। তবে প্যারিস চুক্তির লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ যথেষ্ট দ্রুত নেওয়া হয়নি।

অনেক দেশ বলছে, তারা শেষ পর্যন্ত উষ্ণায়ন আবার দেড় ডিগ্রি সেলসিয়াসে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর জন্য প্রযুক্তির উচ্চাভিলাষী সম্প্রসারণ প্রয়োজন হবে। এসব প্রযুক্তি এখনো বৃহৎ পরিসরে ব্যবহারের উপযোগী হয়ে ওঠেনি। এগুলোর মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করা সম্ভব হবে।

মূল চুক্তি না হলেও কিছু অগ্রগতি

মূল চুক্তি ভেস্তে গেলেও কিছু সমঝোতা অবশ্য হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ন্যায্য রূপান্তর ব্যবস্থাপনা’ নিয়ে অগ্রগতি। এটি এমন একটি কাঠামো, যা অর্থনীতিকে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগিয়ে নেওয়ার সময় শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করবে।

কপ৩১-এর সভাপতি আরও বলেন, ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ করার তুরস্কের যে টার্গেট তাতে ৮০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে।

তবে সপ্তাহান্তের ঘটনাবলির পর কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভূরাজনৈতিকভাবে বিভক্ত বিশ্বে ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়া আদৌ সফল হতে পারবে কি না।

জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিল বলেন, এই প্রক্রিয়ায় সম্ভাব্য সংস্কার নিয়ে তিনি পরামর্শ চাইবেন। পরবর্তী সম্মেলন ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা, যার নাম কপ৩২।

বিবিসিকে তিনি বলেন, “ঐকমত্যের প্রক্রিয়া আমাদের বর্তমান অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। প্যারিস চুক্তি অর্জনেও এটি আমাদের এগিয়ে নিয়েছে… তাই এটি কাজ করতে পারে”। তবে তিনি স্বীকার করেন, রোববার এই প্রক্রিয়া ‘প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে’।

সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশে স্টিল বলেন, জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়া ‘আগেও বাধার মুখে পড়েছে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এবারও তা-ই করতে হবে।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh