‘বস্তায় বস্তায় লেনদেন’ মন্তব্যে ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’, এমন মন্তব্য করায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছে ট্রাইব্যুনাল।

ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে তাকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

এদিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ দাবি করেন, এমন কোনো বক্তব্য তিনি দেননি। গণমাধ্যমে তার বক্তব্য ‘বিকৃতভাবে’ প্রকাশিত হয়েছে।

ফুয়াদ বলেন, “ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার উদ্দেশ্যও আমার ছিল না; পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলতে চেয়েছি।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলেন বলে ট্রাইব্যুনালকে বলেন ফুয়াদ।

তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলে, “বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ।”

আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেছে, “আদালত অবমাননা করলে জেলে যেতে হয়।”

ফুয়াদ নিজেও একজন ব্যারিস্টার হওয়ায় তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ‘প্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করে ট্রাইব্যুনাল।

রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করার তাগিদ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, “কারও একটি বক্তব্যে কোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে।”

এরপর নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান।

গত ২৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আসাদুজ্জামান ফুয়াদ বলেছিলেন, “আইসিটির কোনো বিচারের নামও আপনারা পাবেন না এখন। এই সরকার আসার পরে, চিফ প্রসিকিউটর চেঞ্জ হওয়ার পরে।

“এবং দেখবেন যারা গ্রেপ্তার আছে, তাদের কারও বিচারের মামলা আগায় না। ফাঁসি হয় যে পলাতক, তার মামলার। এখানে লেনদেন হচ্ছে, কোটিতে কোটিতে লেনদেন হচ্ছে, বস্তা ভরে ভরে লেনদেন হচ্ছে।”

এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করে ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয় তাকে।

তবে ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায়’ সেদিন হাজির হতে পারেননি ফুয়াদ।

সেদিন তার আইনজীবী জুবায়ের আহমেদ ভূঁইয়া আদালতের কাছে ৩০ দিন সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পর্যন্ত সময় দেয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh