দুই মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দুটিতে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল (কাঁদানে গ্যাসের শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তবে পুলিশ এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তাঁরা অন্য স্থানে গিয়ে আবারও সড়ক অবরোধ করছেন বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বুধবার সকালে জেলার অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় জড়ো হতে থাকেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় আন্দোলনরত শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি একই মহাসড়কের ভবানীপুর এলাকায়ও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেখানে যান চলাচল থমকে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

মহাসড়ক দুটির বিভিন্ন পয়েন্টে দফায় দফায় অবরোধ ও বিক্ষোভের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।

সার্বিক বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করছেন। জানমালের নিরাপত্তা রক্ষা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh