এম‌সি কলেজ ছাত্রাবাসে গণধর্ষ‌ণ : ৫ দিনের রিমান্ডে তারেক

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ৬:৩০ অপরাহ্ণ

সিলেটের এম‌সি কলে‌জ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি তারেকুজ্জমান তারেককেও ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার বিকাল ৪টায় তাকে সিলেটের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বিচারক মো. আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী।

এদিকে প্রথম থেকে এ মামলায় আসামিপক্ষের কোন আইনজীবী আদালতে ওঠেননি। আদালতে না ওঠার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ আইনজীবীরা। পুণ্যভূমি সিলেটের মাটিকে কলুষমুক্ত ও আসামিদের শাস্তি নিশ্চিত করতে আইনজীবীরা আসামিপক্ষের হয়ে আদালতে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. নওশাদ আহমদ চৌধুরী।

এর আগে দুপুরে আরেক আসামি মাহফুজুর রহমান মাসুমকে আদালতে নেয়া হলে তাকেও ৫ দিনের রিমান্ড দেন আদালত। এ নিয়ে মামলায় আটক ৮ আসামিকেই ৫ দিন করে রিমান্ডে নেয়া হলো।

সিলেটের এমসি কলে‌জ ছাত্রাবাসে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন ছাড়া আটক বাকি দুজনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলো- সাইফুর রহমান, মাহমুদুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, রাজন, আইনুদ্দিন ও সর্বশেষ তারেক। যারা সবাই রিমান্ডে রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh