নগরীতে তালাবদ্ধ ঘরে এক গৃহবধূর লাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ৬:৪০ অপরাহ্ণ

সিলেট নগরীতে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর উত্তর কাজীটুলা এলাকা থেকে লাশটি পুলিশ উদ্ধার করে। নিহত সৈয়দা তামান্না বেগম (১৯)-এর স্বামী আল মামুন (২৮) পলাতক রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকার ৪/১ নং বাসা থেকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ তামান্নার লাশ উদ্ধার করে। এর আগে তামান্নার ঘরের দরজা তালাবদ্ধ দেখে বাড়িওয়ালা ও প্রতিবেশীদের সন্দেহ তৈরি হলে তারা পুলিশকে খবর দেন। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। তবে তামান্নার স্বামী পলাতক।

তিনি আরও জানান, তামান্নার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তামান্নার বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদি এলাকায় এবং স্বামী আল মামুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh