সব
স্বদেশ বিদেশ ডট কম

পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, আমরা এক সময় নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, তবে আমরা অন্য কাউকে লাঞ্ছিত করবোনা। বাংলাদেশ খুব স্ট্রাগল করে আজ এ পর্যায়ে এসেছে। কিছু মানুষ রক্ত দিয়ে এদেশ স্বাধীন করে গিয়েছেন। এজন্য আমরা শান্তিতে বসবাস করছি।
শনিবার সকাল ১০ টায় শান্তিগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে পরিচিত সভা ও শিক্ষার্থীদের মধ্যে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের বৃহৎ রাষ্ট্রে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠি রয়েছে, তারা আমাদের চেয়ে আলাদা কেউ নন। আমরা এদেশে সমান মর্যাদা ও সমান অধিকার নিয়ে থাকবো। এটাই বাংলাদেশের বার্তা এবং সাংবিধানিক নিশ্চয়তা। তোমরাও এ প্রজন্মের। এজন্য মনে রাখবে, পরিবর্তন হচ্ছে নিত্য এবং সর্বত্র। এখানেও পরিবর্তন হচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। ইতিমধ্যে উপাচার্য যোগদান করেছেন। এছাড়া সুনামগঞ্জ টেক্সটাইল কাজ চলমান, আমাদের এখানে বিটাক হবে, আমার মরহুম মায়ের নামে আমার পৈতৃক ভিটায় একটা ভোকেশনাল হবে। এই এলাকার ওয়ান স্কয়ার কিলোমিটার জায়গা শিক্ষা স্থাপনায় ভরে যাবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে ও ডাক্তার শিবলী জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আহমদ হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।
এ সময় এসিল্যান্ড সকিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনসহ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।