সিলেটের বিশ্বনাথে গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসব

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের বিলে (বড় বিলে) শনিবার বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে ঝপ-ঝপ-শব্দের তালে তালে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। নির্ধারিত সময় অনুযায়ী বাংলা বছরের ১ মাঘ অনুষ্ঠিত হতো ঐতিহ্যবাহী ওই পলো বাওয়া উৎসব। কিন্তু বিলের পানি শুকিয়ে যাওয়ার কারণে গতকাল গ্রামবাসিকে পালন করতে হয়েছে পলো বাওয়া উৎসব।
সূর্যের তাপ তীব্র থাকলেও পলো বাওয়া উৎসবে অংশগ্রহণকারী সৌখিন মাছ শিকারীরা বিপুল পরিমাণে মাছ শিকার করেছেন। ‘শিশু থেকে শুরু করে বৃদ্ধসহ সব বয়সের মানুষের অংশগ্রহণে পূর্ব পুরুষদের রেখে যাওয়া শত শত বছরের পুরনো পলো বাওয়া উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এবারের পলো বাওয়া উৎসবে কোন সৌখিন শিকারীদেরকে খালি হাতে ফিরতে হয়নি। গোয়াহরি গ্রামের দক্ষিণের বিলে (বড় বিল) এবারের পলো বাওয়া উৎসবে ছিল মাছ শিকারের আলাদা প্রতিযোগিতা। প্রত্যেক শিকারী ছোট-বড় একাধিক মাছ হাতে নিয়ে ঘরে ফিরেছেন।
বাঁশ-বেতের তৈরী পলো, উড়াল জাল, টেলা ঝাল (প্লেলাইন জাল) সকাল সাড়ে ১০টায় আনন্দঘন পরিবেশে একসাথে গ্রামবাসী পলো বাওয়া উৎসব শুরু করেন। গ্রামবাসীর সাথে বিভিন্ন গ্রাম থেকে অনেক আত্মীয়-স্বজনও পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। প্রায় ২ ঘন্টাব্যাপী চলা পলো বাওয়া উৎসবে সৌখিন মাছ শিকারীদের পলো ও জালে ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, শোল, কার্ফু, গজার, ঘনিয়া, বাউশ, ব্রিগেডসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ।
পলো বাওয়া উৎসবটি গ্রামবাসীর কাছে একটি মিলনমেলায় পরিণত হয়। প্রতি বছরের ন্যায় এবার বিয়ে হয়ে যাওয়া গ্রামের মেয়ের পলো বাওয়া উৎসবকে কেন্দ্র করে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। আর বড়রা মাছ শিকারে ব্যস্ত থাকলেও বিলের পারে গিয়ে গ্রামের শিশু ও নারীরা উৎসবের আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হননি, তাদের উপস্থিতিও ছিলো লক্ষণীয়।
গ্রামবাসীরা জানান, পলো বাওয়া উৎসব গোয়াহরি গ্রামের একটি ঐতিহ্য। পূর্বপুরুষের আমল থেকে গ্রামবাসী উৎসাহ উদ্দিপনার সাথে এই উৎসব পালন করে আসছেন। পলো বাওয়া উৎসবের এক সপ্তাহ পূর্বে পঞ্চায়েতের সভা ডেকে শান্তি-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সভার পরপরই উৎসবের ন্যায় গ্রামের ঘরে ঘরে পলো তৈরী, মেরামত ও সংগ্রহের কাজ শুরু হয়।
পলো বাওয়া উৎসবকে কেন্দ্র করে গোয়াহরি গ্রামে গত কয়েকদিন ধরে গ্রামে বিরাজ করছিল উৎসবের আমেজ। আর টানা প্রায় ১৫ দিন পর্যন্ত চলবে ওই উৎসব। তবে গ্রামবাসীর ঐতিহ্য অনুযায়ী আগামী ১৫ দিন পর ২য় ধাপে আনুষ্ঠানিকভাবে আবারও হবে পলো বাওয়া। ওই ১৫ দিনের ভিতরে প্রতি রোববার ও বৃহস্পতিবার বিলে হাত ও টেলা জাল দিয়ে মাছ শিকার করবেন গ্রামবাসী।
পলো বাওয়া উৎসবে অংশগ্রহণকারী সৌখিন মাছ শিকারী আব্দুল কাহার, ইকবাল হোসাইন, আব্দুর রব, গোলাম শহিদ, মহরম আলী, আমিনুল ইসলাম, মর্তুজ আলী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করতে পেরে আনন্দ লাগছে। এবার বিলে মাছের পরিমাণ বেশি থাকায় প্রত্যেকেই একাধিক মাছ শিকার করতে পেরেছেন।
গোয়াহরি গ্রামের বাসিন্দা ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন বলেন, তীব্র গরমে বিলের পানি শুকিয়ে যাওয়ায় ও মাছ মরা দেখা দেওয়ার কারণে নির্দিষ্ট সময়ের পূর্বেই শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বার্ষিক পলো বাওয়া উৎসবের তারিখ নির্ধারণ করেন গ্রামবাসী। আর বিপুল উৎসাহ-উদ্দিপনায় তা সম্পন্ন হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh