সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন। আগামী চার বছরের জন্য তাকে ভিসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১ (১) অনুসারে অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনকে তার পিআরএল স্থগিতপূর্বক নিম্নবর্ণিত শর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ৪ বছর। ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার পূর্বের পদের (গ্রেড-১) বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। ভাইস-চ্যান্সেলর ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ডা. এনায়েত হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান। ওসমানী হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ চিকিৎসক।