রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত, যুবলীগের বাতিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ২:০৭ অপরাহ্ণ


তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক দিবস পালন উপলক্ষে পল্লবীতে বৃহস্পতিবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা ছিল। এটি বাতিল করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

পরবর্তী সময়ে নিয়মিতভাবে কর্মসূচিগুলো জানানো হবে বলে বলা হয়েছে।

উল্লেখ্য, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ পর্যন্ত তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে বিপর্যয়কর ভূমিকম্পে মোট ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh