সব
সিলেট অফিস,
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদরাসার পরিচালক মাওলানা মাসউদ আজহারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁও হতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১ মার্চ) সকালে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাওলানা মাসউদ আজহার উপজেলার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে। তিনি রওজাতুল ইসলাম চাক্তা মাদরাসার পরিচালক।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে ওসি ওমর ফারুক জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় ওই মাদরাসার অফিস কক্ষে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাশবিক নির্যাতন করে আজহার। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এরপর মঙ্গলবার বিকেলে আজহারকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা রেকর্ড করে গ্রেফতার ব্যক্তিকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।