সব
স্বদেশ বিদেশ ডট কম
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতি মাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রি করা হচ্ছে। এবার এক কোটি কার্ডধারী পরিবারের কাছে দুই কিস্তিতে পাঁচটি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।
বৃহস্পতিবার (৯ মার্চ) টিসিবির এই বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের তেজগাঁওয়ে এ অনুষ্ঠান হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন সার্বিকভাবে এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সুবিধামতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে এসব পণ্য ক্রয় করবেন।
উল্লেখ্য, টিসিবির পাঁচ পণ্যের মধ্যে রয়েছেÑ চিনি প্রতি কেজি ৬০ টাকা দরে এক কেজি, মশুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে দুই লিটার, ছোলা প্রতি কেজি ৫০ টাকা দরে এক কেজি এবং শুধু ঢাকা সিটিতে খেজুর প্রতি কেজি ১০০ টাকা দরে এক কেজি করে বিক্রয় করা হচ্ছে। পণ্যের দ্বিতীয় কিস্তি বিক্রি করা হবে আগামী মাসের প্রথম দিকে। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।