যুবককে পেটানোর অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ আগস্ট ২০২২, ২:১৯ অপরাহ্ণ

গাজীপুরে মুরগি চুরির অভিযোগে এক যুবক পেটানোর দৃশ্য ভিডিও ধারণকারী যুবককে মারধরের মামলায় সালিশের বিচারক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদুল হক গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য।

এ মামলার বাদি জুয়েল রানা গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, ওই ইউপি সদস্যের নির্দেশে গত শুক্রবার (২৯ জুলাই) বিকেলে স্থানীয় বিকেবাড়ি (সিটপাড়া) এলাকার একটি খোলা মাঠে এক সালিশে মুরগি চুরির অভিযোগে সাইদুল হক নামের স্থানীয় এক যুবককে ডেকে আনা হয়। এক পর্যায়ে সালিশে ওই যুবককে জনসম্মুখে মুরগি চুরির অভিযোগে মারধর করেন ইউপি সদস্য রাশেদুল হক। এসময় মারধরের দৃশ্য জুয়েল রানা ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণের ঘটনাটি ইউপি সদস্য রাশেদুলের নজরে পড়লে তাকেও সবার সামনে তিনি লাঠি দিয়ে মারধর করেন। জুয়েল রানা স্থানীয় একটি পোশাককারখানায় চাকরি করেন। আর সাইদুল হক স্থানীয় সিটপাড়া এলাকার বাসিন্দা। শালিসের পর থেকে গাঁ ঢাকা দিয়েছে।

তিনি আরও জানান, ওই মারধরের ঘটনা সোমবার (০১ আগস্ট) বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে মারধরের শিকার জুয়েল মঙ্গলবার (০২ আগস্ট) ইউপি সদস্য রাশেদুল হককে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওইদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বুধবার দুপুরে গ্রেপ্তার ইউপি সদস্যকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh