আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)’-এর উদ্যোগে এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রবিবার (২৯ নভেম্বর) পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. দেওয়ান হাসান আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তা, ব্যবসায়িক নেতৃত্ব ও আত্মকর্মসংস্থানের সক্ষমতা গড়ে তুলতে হবে। কেবল চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীরা যেন নিজেদের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই বাস্তবমুখী প্রশিক্ষণ জরুরি।

বক্তারা আরও বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বিসিক দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ এবং উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিসিক ট্রেনিং ইনস্টিটিউট দক্ষ মানবসম্পদ তৈরি ও প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তরে ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান ও গবেষণার সঙ্গে বিসিকের মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয় নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প প্রস্তাব তৈরি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা এবং ব্যবসা পরিচালনার বাস্তবমুখী বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh