দেশে রিজার্ভ ভাল আছে —সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১:৫৫ পূর্বাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার দেশে সুষম উন্নয়ন করতে চায়। গ্রাম শহরের ব্যবধান কমিয়ে পিছিয়েপড়া জেলাগুলোর উন্নয়ন অগ্রাধিকার দিয়ে করতে চায়। সরকার কিছুটা টানাপোড়েনে থাকলেও সব সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। এই মাসটাই হয়তো কষ্টের শেষ মাস। বাংলাদেশের রিজার্ভ ভাল আছে। ডলারের দাম কমবে। ২০০৯ সালে বিএনপি সরকারের সময় ৫ বিলিয়ন ডলার ছিল। সেখান থেকে আমরা ৪৮ বিলিয়ন ডলারে উঠলাম, এখন মনে হয় ৪০ বিলিয়ন ডলারে রয়েছে। আরও বাড়বে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। জায়গার খোঁজ করছি ছোট ছোট বিমান যেন নামতে পারে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার সময় বিমানবন্দরের অভাবে নামতে না পেরে হেলিকপ্টারে বন্যার পরিস্থিতি দেখেছেন। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিজেদের আত্মপরিচয় গর্বের সাথে তুলে ধরবে, সুনাগরিক হয়ে দেশের কাজ করবে।

শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সুনামগঞ্জ জেলা পরিষদ কর্তৃক এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh