জামালগঞ্জে নৌ দুর্ঘটনায় ৩ শ্রমিক নিখোঁজ

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ৭:২৩ অপরাহ্ণ

সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে পাথর বহনকারী বাল্কহেড নৌকার সাথে বালু বহনকারী নৌকার সংঘর্ষে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮ টায় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন ও গোলকপুর নদীর বাঁকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর শুনে আশপাশের গ্রামের লোকজন ও জামালগঞ্জ উপজেলার মন্নানঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজদের সন্ধান পায়নি।
এলাকাবাসী স‚ত্রে জানা গেছে, জামালগঞ্জ থেকে মন্নানঘাট এলাকার দিকে একটি বালু বোঝাই নৌকা বালু বিক্রির জন্য প্রতিদিনের মতো যাচ্ছিল।

ঘটনার রাতে বালু নিয়ে যাওয়ার সময় গোলকপুর বাজার ও লালপুর গ্রাম সংলগ্ন নদীর বাঁকে পাথর বহনকারী বাল্কহেড বড় নৌকার সাথে সংঘর্ষ হয় বালু বহনকারী নৌকার। এতে বালু বোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়। নৌকায় থাকা ৬ শ্রমিকের মধ্যে ৩ জন সাঁতরে তীরে ওঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের মৃত রমজান মিয়ার পুত্র তুলাই মিয়া (৫০), কামাল মিয়ার পুত্র এনাম মিয়া (২৩) ও দিরাই উপজেলার মুরাদপুর গ্রামের হারুন মিয়ার পুত্র হেলাল মিয়া (২২)। বেঁচে যাওয়া ৩ জনের মধ্যে ২ জন আহত হওয়ায় পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

জামালগঞ্জ উপজেলার মন্নানঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাতের বেলায় বালু বোঝাই ও খালি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বালু বোঝাই নৌকার তিন শ্রমিক সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বাল্কহেড নৌকার চারজন মাঝিকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আমরা কাজ করছি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh