মসজিদের জন্য নীতিমালা করা হচ্ছে : খালিদ হোসেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ৭:১০ অপরাহ্ণ

মসজিদের জন্য নীতিমালা এবং ইমামদের বেতন-ভাতা গ্রেডভিত্তিক করা হচ্ছে। সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না বলে মন্তব্য করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘হজে নিয়ে ভালো খাবার এবং যেখানে রাখার কথা সেখানে না রেখে কোনও কোনও এজেন্সি হাজীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। হজের খরচ দুই ক্যাটাগরিতে কমিয়ে আনা হয়েছে।’

ড. আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৯২টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার রয়েছে।’

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন– জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ প্রমুখ। এ সময় জেলার দুইশ মসজিদের ইমাম-মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh