চামড়া শিল্পের সংকট নিরসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ৭:১০ অপরাহ্ণ

চামড়া শিল্পের সংকট ও গণমাধ্যমের করণীয় নিয়ে ঢাকায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (NIMC) আয়োজনে ও SIBE-NIMC প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও চামড়া গবেষণা ইনস্টিটিউট, হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন জেলা থেকে অনুসন্ধানী সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালার পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু সাদেক চামড়া শিল্পের সংকট নিয়ে একটি নিবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মুত্তালিব, চামড়া গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার মো. আবুল কাশেম আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।

আলোচকরা চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি, সংকট নিরসনের কারিগরি পদক্ষেপ, গবেষণাধর্মী সাংবাদিকতার গুরুত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা এতিমখানাগুলোর মাধ্যমে চামড়া সংগ্রহের জন্য বিনা সুদে অর্থায়নের একটি উদ্ভাবনী বিজনেস মডেলের উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মাহবুবা ফারজানা বলেন, “চামড়া শিল্পের উন্নয়ন ও সংকট নিরসনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে শিল্পের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।”

কোরবানির সময় চামড়া সংগ্রহের দক্ষতা বৃদ্ধি, শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ। আলোচনায় অংশ নেন পরিচালক ড. মারুফ নাওয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক সুমনা পারভীন। সংবাদ বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh