৬০ কোটি ডলার বিনিয়োগ করেও গ্যাস-বিদ্যুৎ পাচ্ছি না : মোস্তফা কামাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ

কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) বিপুল বিনিয়োগের পরও দুই বছর ধরে গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

তিনি বলেন, “আমরা ইতিমধ্যে ৬০ কোটি ডলার বিনিয়োগ করেছি। কিন্তু গত দুই বছরেও সেখানে গ্যাস বা বিদ্যুৎ সংযোগ পাইনি। আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাচ্ছি, অথচ দেশীয় উদ্যোক্তারাই জ্বালানি সংকটে পড়ছেন। এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ বিদ্যুৎ ও গ্যাস ছাড়া শিল্পে বিনিয়োগ বাস্তবায়ন অসম্ভব।”

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত ৪৫তম বাজেট পরামর্শক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

মোস্তফা কামাল বলেন, “রমজানে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। তবে কর ব্যবস্থায় ভারসাম্য প্রয়োজন। করজাল বাড়ানোর কথা বলা হলেও দেখা যায়, যারা নিয়মিত কর দেন, তারাই বেশি চাপের মুখে পড়েন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ব্যাংক হিসাব ও করনথি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি যেন না হয়, সে বিষয়ে এনবিআরের সতর্কতা প্রয়োজন।”

এছাড়া দেশের সম্ভাবনাময় জাহাজশিল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এই শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতির আমদানিতে আগে ১% শুল্ক ছিল, যা সম্প্রতি বাড়িয়ে সাড়ে ৭% করা হয়েছে। এর ফলে গত পাঁচ-ছয় মাসে একটি জাহাজও কেনা হয়নি। অথচ গত বছর এই খাত থেকে ৭৮ কোটি ডলার আয় হয়েছে। তাই শুল্ক হার আবার ১%-এ নামিয়ে আনার দাবি জানাচ্ছি, যা কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সহায়ক হবে।”

শিল্পায়নের গতি ধরে রাখতে এবং দেশীয় উদ্যোক্তাদের সহযোগিতা করতে নীতিনির্ধারকদের আরো বাস্তবমুখী ও ব্যবসাবান্ধব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মেঘনা গ্রুপের চেয়ারম্যান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh