ক্ষমতার দাপটের ফল এখন ভোগ করছে বিগত সরকার: বদিউল আলম মজুমদার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ

নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘‘সবচেয়ে বেশি ক্ষমতার দাপট দেখায় সরকার। তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী ও প্রতিষ্ঠানগুলোও একই আচরণ করে। বিগত সরকারের সেই দাপটের ফলাফল এখন তারা নিজেরাই ভোগ করছে।’’

তিনি আরও বলেন, ‘‘ক্ষমতার দাপট কমিয়ে সুষ্ঠ গণতন্ত্র ধরে রাখতে হলে স্বচ্ছ রাজনৈতিক দল প্রয়োজন। নাগরিক ঐক্য সেই জায়গা থেকে বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে আমি বিশ্বাস করি।’’

সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অপরাধ করলে শাস্তি পেতেই হবে। তবে হেনস্তা কাম্য নয়, আমি এর নিন্দা জানাই।’’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘নাগরিক ঐক্য এমন একটি দল হয়ে উঠবে, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। এখন আর আবেগ দিয়ে নয়, বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে।’’

বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজও। তিনি বলেন, ‘‘বিগত সরকারের আমলে সব শ্রেণির মানুষের জীবন বৈষম্যের শিকার ছিল। অন্তর্বর্তী সরকারের ১০ মাসেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।’’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘জাতীয় ঐকমত্য কমিশন মুক্তিযুদ্ধের চেতনা পরিবর্তনের চেষ্টা করছে। সংস্কার চাইলে মুক্তিযুদ্ধের মূলনীতির আলোকে করতেই হবে।’’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘গত ১০ মাসেও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের আবুল হাসান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh