চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রেপলিটন আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণের মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়।

তবে ওই বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh