সব
স্বদেশ বিদেশ ডট কম

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৯ কিলোমিটার গভীরে এবং কামচাটকার উপকূলীয় শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে।
এই ভূমিকম্পের ফলে কামচাটকা অঞ্চলের কিছু এলাকায় ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। এতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।
রাশিয়ার সিভেরো-কুরিলস্ক শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। শাখালিন অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সবাইকে পানি সংলগ্ন এলাকা থেকে সরে যেতে হবে। এছাড়া, একটি কিন্ডারগার্টেন ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি। কামচাটকার গভর্নর এই ভূমিকম্পকে ‘সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন।
এই ভূমিকম্পের কিছুক্ষণ পরই ৬.৯ মাত্রার আরেকটি আফটারশক (পরবর্তী কম্পন) পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে দক্ষিণ-পূর্বে আঘাত হানে। এটি ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিম অংশ, রাশিয়ার উপকূল এবং জাপানের বিস্তৃত এলাকায় বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।