সব
বি.এইচ. সরদার,
মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জয় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য ও ইউরোপের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ‘সংগ্রাম পরিষদ’ গঠনের আহ্বান জানিয়েছেন।
লন্ডনের ইস্ট লন্ডনের মক্কা গ্রীল রেস্টুরেন্টে এক স্বতঃস্ফূর্ত সভায় এই আহ্বান জানানো হয়। ইউরোপিয়ান ও যুক্তরাজ্য জাসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউরোপিয়ান জাসদের সভাপতি মতিউর রহমান মতিন এবং সভা সঞ্চালনা করেন যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
সভায় বক্তারা বর্তমানে বাংলাদেশে বিদ্যমান অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বৈরাচারী, অবৈধ এবং মুক্তিযুদ্ধবিরোধী আখ্যা দেন। তারা বলেন, এই সরকার দেশের সংবিধান, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ, যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট মুজিবুল হক মনি, যুক্তরাজ্য বাসদের মোহাম্মদ শওকত, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য চ্যাপ্টারের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আলিমুজ্জামান, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ নুরুল ইসলাম ও হেলেন ইসলাম, নারী নেত্রী ফেরদৌস রওশন লিপি, সাবেক ছাত্রনেতা আ. ক. ম. চুন্নু, জাসদ নেতা রুহুল আমিন চৌধুরী, আশীষ মিত্র, ফারজানা আহমদ, মতব্বির হোসেন চুন্নু প্রমুখ।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ:
১. মিথ্যা মামলা প্রত্যাহার ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক শাহরিয়ার কবির, শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল বারকাতসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি।
২. ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, বিচারব্যবস্থা ও অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে— এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি।
৩. নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে একত্র করে বৃহত্তর ‘সংগ্রাম পরিষদ’ গঠন।
৪. শিগগিরই বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত।
নেতৃবৃন্দ বলেন, এই সংগ্রাম কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থের নয়— এটি বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং ভবিষ্যতের জন্য একটি জাতীয় প্রয়োজন। এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রবাসে বসবাসরত বাংলাদেশি প্রগতিশীল শক্তিগুলোর মধ্যে নতুন করে আশাবাদের বার্তা ছড়িয়ে দিয়েছে।