সব
স্বদেশ বিদেশ ডট কম

দেশে মাতৃত্বকালীন ছুটি পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটির কথা বলা হচ্ছে। বাবারা শিশুদেরকে ঠিক মতে সময় প্রদান করলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায়। তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে।
শিশুকে সময় দিতে হবে, শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুটির মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি যদি দিতে হয়, তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে। একজন পিতা কতক্ষণ বাচ্চাকে দেখেছেন, বাচ্চার প্যাট পরিষ্কার করেছেন, মায়ের সেবা করছেন- এসব লিখিতভাবে দিতে পারলে আমি রাজি আছি।
তিনি বলেন, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চা দুধ পাবে। দেশে দারিদ্র্য হার বেশি, সরকারি হিসেবে কোথাও ২০, আবার কোথাও ২৫ শতাংশ। বেসরকারি হিসেবে আরো বেশি। অনেক মা ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে পারেন না। শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য মায়েদেরও যত্ন নিতে হবে। শাল দুধ শিশুর জন্য উপকারী, শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। আশির দশকে ক্যাম্পেইন হতো। একটা মা যখন মা হতে চায়, তখন থেকে পরিচর্যা শুরু হয়। মাকে কাঠখড় পোহাতে হয়। পরিবারে সবাই সবার খোঁজ নিতে হবে। বউয়ের খোঁজ নিতে হবে শাশুড়িকে, আবার শাশুড়ির খোঁজ নিতে হবে বউকে। আমাদেরকে সেবা নিতে জানি, সেবা দিতে জানি কম।