স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ (Weldon Epp) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিতকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধান-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। জবাবে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার বলেন, কানাডা বর্তমানে তার অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। সেজন্য বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া আরও দ্রুততর ও সহজতর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট এবং হসপিটালিটি খাতে বাংলাদেশের বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে বাংলাদেশে তাদের নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে কিংবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপনের মাধ্যমে জনবল তৈরি করে নিতে পারে। জবাবে ওয়েলডন এপ বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করে জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য রিভার ও কোস্ট পেট্রোল বোট, পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার জানান, অভিবাসন সংখ্যা সীমিত করা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বৃদ্ধি করেছে এবং আঞ্চলিক রাষ্ট্র বিশেষ করে আসিয়ান (ASEAN) দেশগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন, যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে। এছাড়া মিয়ানমার কেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানব পাচারকে একটি গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে অভিহিত করে মন্ত্রী তা মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং (Ajit Singh), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস (Marcus Davies), হেড অব এইড সুজান কুইন (Suzanne Quinn), ট্রেড কমিশনার কামাল উদ্দিন (Kamal Uddin) সহ কানাডিয়ান হাইকমিশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh