সব
স্বদেশ বিদেশ ডট কম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন; এ কারণে প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তাঁরা।
এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি; পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন ও ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।