পুরান ঢাকায় আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

রাজধানীর পুরান ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়ন নামের এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটলে পুরো আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা ধাওয়া দিয়ে রাজীব বোস নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ককটেল বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামের একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা তাঁকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দিই। বর্তমানে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।”

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এবং কীভাবে এটি ঘটিয়েছে, তা শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা আইনজীবী সমিতির নেতারা। এ সময় সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা বলেন, “স্বৈরাচারী হাসিনার দোসররা আদালত অঙ্গনে নৈরাজ্য ও আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা আইনজীবীরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছি।”

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকেও ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময়ও জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন, যে মামলায় পরবর্তীতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh