লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে দক্ষিণ সুরমার তিন কৃতী সন্তানকে নাগরিক সংবর্ধনা

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ সুরমার তিন কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যক্তিত্বকে তাঁদের কর্মক্ষেত্রে সাফল্য, নেতৃত্ব এবং সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ নাগরিক সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট দক্ষিণ সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটি, যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনের ঐতিহ্যবাহী Borough of Tower Hamlets-এর কাউন্সিল চেম্বার হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জমিরুল ইসলাম সিরাজ, সফল ব্যবসায়ী শাহ ইমরান হোসাইন এবং তরুণ সমাজকর্মী ব্যারিস্টার মুহিবুল হাসান জুম্মন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাননীয় স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমদ। হাফিজ জিলু খানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও শাহান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও সাবেক কাউন্সিলর খালেছ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ট্রেজারার ও বিশিষ্ট ব্যবসায়ী শেবুল ইসলাম, প্রবীণ মুরব্বি আখলাকুর রহমান লকু এবং কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক মজিব হোসাইন। অনুষ্ঠানের পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক সাংগঠনিক আয়োজন বাস্তবায়নে মজিব হোসাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও সাবেক স্পিকার আহবাব হোসাইন, ব্যবসায়ী রানা মিয়া ও সিরাজ মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব আ. সম. মিসবাহ, ব্যারিস্টার ইমরান চৌধুরী, সামিম, আবদুল হক সাজু মিয়া, আবদুস শহীদ, রেদোয়ান হোসাইন, সুহেল আহমদ, আবদুস সাত্তার ও আলাউদ্দিনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ব্যারিস্টার ইমরান চৌধুরীসহ কয়েকজন অতিথি বক্তব্য রাখেন।

এ সময় টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার ও উপদেষ্টাবৃন্দ, দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডসের সদস্য, ইউনিভার্সাল আইডিয়াল কলেজের কয়েকজন ট্রাস্টি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সংবর্ধিত ব্যক্তিদের ব্যবসায়িক সাফল্য, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, কর্মনিষ্ঠা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, কর্ম ও অবদানের যথাযথ স্বীকৃতি একজন মানুষকে আরও উৎসাহিত করে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের শিকড়, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। দক্ষিণ সুরমার কৃতী সন্তানদের এ সম্মাননা পুরো কমিউনিটির জন্য গর্ব ও আনন্দের বিষয়।

সংবর্ধিত অতিথি শাহ ইমরান হোসাইন তাঁকে আমন্ত্রণ জানানো এবং অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আহ্বায়ক মজিব হোসাইন এবং শাহান আহমদ চৌধুরীর আন্তরিকতা, সহযোগিতা ও চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

প্রবাসে দক্ষিণ সুরমার কৃতী ব্যক্তিত্বদের কর্ম ও অবদানের স্বীকৃতি প্রদানের এ উদ্যোগ উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh