শক্তি প্রদর্শনের জন্য উদগ্রীব বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ

এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ (বুধবার) মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

কাগজে-কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হংকং সাম্প্রতিক সময়ে কাতার, ওমান ও মালয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি মানসিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিতে পারে।

বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে হারের অভিজ্ঞতা আছে ২০১৪ সালে। তবে এখন অনেক শক্তিশালী অবস্থানে আছে লাল-সবুজরা। ম্যাচকে সামনে রেখে অধিনায়ক লিটন দাস বলেন, “আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। যেকোনো দলের বিপক্ষেই শতভাগ দিয়ে খেলতে হবে। ম্যাচ জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব।”

এই দলে নেই তামিম, মুশফিক বা মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরা। তবে তরুণদের নিয়ে গড়া দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। মিডল অর্ডারের স্থিতি ও ফিনিশিং নিয়ে প্রশ্ন থাকলেও দলের বড় ভরসা বোলিং আক্রমণ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শেখ মাহেদী হাসান মিলে বোলিং ইউনিটকে করছেন আরও শক্তিশালী।

অন্যদিকে, হংকং ভরসা করছে অলরাউন্ডার নিয়াজাকত খান ও ব্যাটার বাবর হায়াতের ওপর। তবে বড় ম্যাচে অভিজ্ঞতার ঘাটতি তাদের জন্য বড় সমস্যা হতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh