ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা বলেন, ‘আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে। তবে এই রায় যথেষ্ট নয়।’

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মো আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী ২০২৩ সালের ৭ ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিনই মামলার তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণার উদ্দেশ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদেরকে আকৃষ্ট করে। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেইজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন। ইভ্যালির কোম্পানি থেকে ৭-৩০ দিনের মধ্যে পন্য সরবরাহ করার কথা থাকলেও, তারা পণ্য সরবরাহ না করে উল্টো ছলচাতুরীর আশ্রয় নিয়ে বাদীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎ করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh