বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ, কয়েকজন আহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

রাজধানীতে যমুনা অভিমুখে বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। দাবি-দাওয়া ঘিরে কাকরাইল মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট নেতারা নিশ্চিত করেছেন। ঘটনার পর বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।

বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী লালদিয়া–পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট। বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করলে বেলা ১২টা ২০ মিনিটে মিছিলটি কাকরাইল মোড়ে পৌঁছায় এবং পুলিশি বাধার মুখে পড়ে।

মিছিলকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন আহত হন। ঘটনার বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ। যারা কর্মসূচি দিয়েছেন, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা হয়েছে। তারপরও তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এটাকে সেই অর্থে লাঠিপেটা বলা যাবে না। তাদের যমুনার দিকে যেতে বাধা দেওয়া হয়।”

অন্যদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিনসহ কয়েকজন আহত হয়েছেন।”

পরে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। আজ বেলা ১টা ১০ মিনিটে এ ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা কাকরাইল মোড় ছেড়ে দেন। পরে তারা মিছিল নিয়ে প্রেসক্লাবে গিয়ে কর্মসূচি শেষ করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh