নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিশু উদ্ধার, এখনো নিখোঁজ ১৬৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

উত্তর নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহৃত শতাধিক শিশুর মধ্যে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) তাদেরকে রাজধানী আবুজায় নেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) তাদের নাইজার অঙ্গরাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হবে।

নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, উদ্ধার হওয়া শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হবে। ১০০ শিশুকে মুক্ত করার তথ্য নিশ্চিত করেছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র সানডে ডেয়ারও।

নভেম্বরের ২১ তারিখে নাইজার স্টেটের আগোয়ারা জেলার পাপিরি কমিউনিটির সেন্ট মেরিস স্কুল থেকে সশস্ত্র সন্ত্রাসীরা মোট ৩০৩ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষককে অপহরণ করে। খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানিয়েছিল, অপহৃতদের বয়স ছিল ১০ থেকে ১৮ বছরের মধ্যে এবং সেখানে ছেলে-মেয়ে উভয়ই ছিল।

অপহরণের পর প্রথম কয়েক দিনে ৫০ জন শিক্ষার্থী পালিয়ে ফিরে আসে। রোববার আরও ১০০ জনকে মুক্ত করা হলেও এখনো ১৫৩ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক সন্ত্রাসীদের হাতে আটক রয়েছে।

এর কয়েকদিন আগে, পার্শ্ববর্তী কেব্বি অঙ্গরাজ্যের মাগা শহরে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়।

সাম্প্রতিক অপহরণগুলোকে ২০১৪ সালের কুখ্যাত চিবক অপহরণের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওই সময় ২৭০ জনের বেশি ছাত্রীকে বোকো হারাম অপহরণ করেছিল। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১,৪০০ শিক্ষার্থী নাইজেরিয়ায় বিভিন্ন ঘটনায় অপহৃত হয়েছে।

নাইজেরিয়ার খ্রিষ্টানরা গণহত্যার মুখে পড়েছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাইজেরিয়ার কর্মকর্তারা ও স্থানীয় খ্রিষ্টান সংগঠনগুলো এই দাবি নাকচ করেছে। দেশটির সরকারের দাবি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইই সহিংসতার শিকার।

২০ কোটিরও বেশি মানুষের দেশ নাইজেরিয়া ধর্মীয়ভাবে দুটি ভাগে বিভক্ত। উত্তরে প্রধানত মুসলিম, দক্ষিণে খ্রিষ্টান জনগোষ্ঠীর বসবাস। পিউ রিসার্চ সেন্টারের হিসাবে মুসলিম ৫৬ শতাংশ এবং খ্রিষ্টান প্রায় ৪৩ শতাংশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh