সমুদ্রের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের সমুদ্রের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ শনিবার (৩ অক্টোবর) সকালে জানায়, উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের বন্দরনগরী ওনসান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি ৭০০ কিলোমিটারের (৪৩৫ মাইল) বেশি পথ পাড়ি দিয়েছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পরিস্থিতি মূল্যায়নের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তর একটি জরুরি বৈঠক ডেকেছে বলে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় সতর্কতা জারি করেছে এবং বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেবে।

শনিবার জাপান একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, বর্তমান মূল্যায়নের ভিত্তিতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য বা ভূখণ্ড, কিংবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি সৃষ্টি করছে না।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার ক্ষমা চাওয়ার দাবিকে উপহাস করার একদিন পর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ড বলেছে, সামরিক সীমারেখার দক্ষিণে উত্তর কোরিয়ার পুঁতে রাখা মাইন থেকেই স্থলমাইন বিস্ফোরণগুলো ঘটেছিল।

ওই বিস্ফোরণে কোরীয় উপদ্বীপজুড়ে বিস্তৃত ৪ কিলোমিটার (২.৫ মাইল) প্রশস্ত সীমান্ত এলাকার ভেতরে একটি গোয়েন্দা তৎপরতায় থাকা তিনজন দক্ষিণ কোরীয় সেনা গুরুতর আহত হন।

সূত্র : আল জাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh