সরাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

নিহত ব্যক্তিরা হলেন সৌরভ (২৫) ও আসিফ (২৬)। সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তবে আসিফের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি আব্দুল হালিম বলেন, সকালে রংপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেসের একটি বাস বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।

ওসি বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh